প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৪:৫৮ পি.এম
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ মনির হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন নয়াপাড়া এলাকায় এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু হিসেবে দেখা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ও তার স্ত্রী দুজনই গার্মেন্টসে কর্মরত। শনিবার সকালে স্ত্রী কর্মস্থলে চলে যাওয়ার পর আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে তার স্বামীর মোবাইল ফোন থেকে স্ত্রীর ফোনে একটি কল আসে। ফোনে স্বামী তাকে ‘ভালো থেকো’—এ ধরনের কথা বলে কলটি কেটে দেন বলে জানা গেছে।
এরপর স্ত্রী একাধিকবার স্বামীর মোবাইল ফোনে কল করলেও কোনো সাড়া পাননি। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে দ্রুত বাসায় ফিরে আসেন। বাসায় এসে দরজার ফাঁক দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তিকে নিচে নামিয়ে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের সদস্যদের কাছে আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ হস্তান্তরের কথা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্বজনদের শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.