প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৬:৪৮ পি.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে রাঁধুনিকে পেটানোর অভিযোগ, উত্তপ্ত শাহজাদপুর: পুলিশ হেফাজতে ১
ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাওনা পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক বয়োবৃদ্ধ রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবিবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে হেফাজতে নেয়।
মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরে ‘শাহ মখদুম ছাত্রাবাসে’ এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফেরদৌস রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই ছাত্রাবাসের আবাসিক ছাত্র।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী বেগম দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসের কাছে তাঁর বিগত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল। চলতি মাসের প্রথম সপ্তাহে পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে রাঁধুনি ফেরদৌসী বেগম পাওনা টাকা চাইলে ছাত্রাবাসে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থী ফেরদৌস ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
স্বজন ও স্থানীয়দের দাবি, মারধরের সময় ফেরদৌসী বেগমকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং একপর্যায়ে তাঁর পরনের শাড়ি ধরে টানাটানির চেষ্টা চালানো হয়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত ও আহত হন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর স্বজনরা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে শত শত বিক্ষুব্ধ জনতা বিসিক মোড় এলাকায় সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে পুরো এলাকায় মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা এড়াতে এবং সুরক্ষার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাঁধুনির মধ্যকার অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.