স্টাফ রিপোর্টার: ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে এইডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ১৫৮ জন, যা এবছরে একদিনের নিরিখে সর্বোচ্চ।
এর আগে গত মঙ্গলবার ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন, যা তখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার সকাল ৮টা পর্যন্ত এ বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। এর মধ্যে কেবল সেপ্টেম্বরই মারা গেছে ১২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩১১ জন ভর্তি হয়েছে, আর দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছে ১৯৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৬ জন।
এছাড়া বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, খুলনায় ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ ও সিলেটে ১২ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৫ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৭৩ হাজার ৬৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৮ হাজার ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.