ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসে ভুয়া (জাল) স্কুল সার্টিফিকেট দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আবেদন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন মোছাম্মদ রোজিনা খাতুন(২১) নামে এক নারী। তিনি শাহজাদপুরের মোহাম্মদ রফিকুল মোল্লার কন্যা।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গার্মেন্টস কর্মী রোজিনা খাতুন এনআইডি করার লক্ষ্যে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসে এসে সকল কাগজপত্র ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ সাব্বিরের নিকট জমা দেন। সাব্বির কাগজপত্র যাচাই করার সময় জমা দেওয়া স্কুল সার্টিফিকেটটি দেখে সন্দেহ পোষণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনকে অবহিত করেন।
পরে আনোয়ার হোসেন বিষয়টি পর্যবেক্ষণ করে সত্যতা পান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কে এম তৌহিদুল ইসলামের সাথে পরামর্শ করেন। নিবিড় পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যায় যে জমা দেওয়া সার্টিফিকেটটি সম্পূর্ণ জাল ও ভুয়া।
পরবর্তীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনকে অবহিত করেন। ইউএনও সাবরিনা শারমিন ঘটনাটি পর্যালোচনা ও প্রশাসনিক শুনানি শেষে এনআইডি জালিয়াতির অভিযোগে অভিযুক্ত মোছাঃ রোজিনা খাতুনকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ৩ (তিন) দিনের সশ্রম কারাদণ্ডের দণ্ডাদেশ প্রদান করেন।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রোজিনা খাতুন জানান, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করেন। চাকরির প্রয়োজনীয় শর্ত হিসেবে একটি স্কুল সার্টিফিকেটের বাধ্যবাধকতা ছিল। এ উদ্দেশ্যে তিনি তাঁর পার্শ্ববর্তী ভেড়াকোলা পুরাতন বাজারের একটি কম্পিউটার দোকানের সত্ত্বাধিকারীর সাথে যোগাযোগ করেন। দোকানদার তাঁকে আশ্বস্ত করে বলেন, “এটা কোনো বিষয় না, আমরা হরদম এমন সার্টিফিকেট বানিয়ে থাকি। আপনার কোনো সমস্যা হবে না, আমি মূল সার্টিফিকেটই বানিয়ে দিচ্ছি।”
পরবর্তীতে নির্বাচন কর্মকর্তা বা প্রশাসনের পক্ষ থেকে রোজিনাকে সার্টিফিকেট প্রদানকারী স্কুলের নাম জানতে চাওয়া হলে তিনি স্কুলের নামটি পর্যন্ত বলতে পারেননি। তিনি স্বীকার করেন, কম্পিউটার দোকানদার বানিয়ে দেওয়ায় তিনি স্কুলের নাম জানেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সরকারি দাপ্তরিক কাজে যেকোনো প্রকার জাল কাগজপত্র জমা দেওয়া দণ্ডনীয় অপরাধ। জাল সার্টিফিকেট সরবরাহকারী ও জালিয়াতি চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.