নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনার পর থানার ভেতরে উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে যুবাইর সরদারকে বলতে শোনা যায়, কোনো কর্মীর ওপর আবার হামলা হলে ‘লাশের বদলে লাশ’ নেওয়া হবে এবং থানার ইট পর্যন্ত খুলে নেওয়া হবে।
ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেছেন, তিনি ওই বক্তব্য শোনেননি। তবে থানার ভেতরে দায়িত্বশীল পদে থাকা কারও এ ধরনের বক্তব্য দেওয়া ভালো চর্চা নয় বলে মন্তব্য করেছেন তিনি। এমন বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।
তবে যুবাইর সরদারের দাবি, এনসিপির জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার পর নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। তাদের শান্ত করতেই তিনি ওই বক্তব্য দেন।
এর আগে সোমবার রাতে ফতুল্লার বক্তাবলী বাজার এলাকায় হামলার শিকার হন তাওহীদুল ইসলাম। এনসিপির অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ওপর হামলা চালান।
হামলার পর এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফতুল্লা থানায় অবস্থান নেন এবং থানার সামনে মিছিল ও স্লোগান দেন। পরে রাতে থানায় যান নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
এ ঘটনায় এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে বিএনপির নেতা হালিম আজাদসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তবে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.