সামসু উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় ১৩ বোতল কোডিন সিরাপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর আবেদন জানিয়ে এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২১টা ৪০ মিনিটে কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর (বেড়িগাঁও) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় বাসিন্দা মজমিল আলী মজইয়ের বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
পরে পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তির বসতঘরের পূর্বমুখী পশ্চিম দিকের একটি ঘর থেকে সাদা রঙের ব্যাগে রাখা ১৩ বোতল কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, উদ্ধার করা সিরাপের বোতলগুলোতে ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডিন ফসফেট সিরাপ লেখা ছিল। প্রতিটি বোতলের পরিমাণ ১০০ মিলিলিটার। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ১ হাজার ৩০০ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দতালিকামূলে জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পলাতক অভিযুক্ত মজমিল আলী মজই (৩২), পিতা মৃত রহিছ আলী, মাতা রাশিদা বেগম, সাং-সঞ্জরপুর (বেড়িগাঁও), ১১ নম্বর শরীফপুর ইউনিয়ন, কুলাউড়া, মৌলভীবাজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী মামলা রুজুর আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.