দুই বছর আগে ‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। রহস্যময় একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি। এবার সেই গল্পের প্রিক্যুয়াল নিয়ে ফিরছে ‘চালচিত্র’।
তবে এবার বড় পর্দায় নয়, ওয়েব সিরিজ হিসেবে দর্শকদের সামনে আসছে গল্পটি। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ নামের এই সিরিজে রহস্যময় এক সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সম্প্রতি সিরিজে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করেছেন নির্মাতারা। জানানো হয়েছে, আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।
‘চালচিত্র’ সিনেমায় ব্রাত্য বসু অভিনীত ভুবন হালদার চরিত্রটির তরুণ বয়সের গল্প উঠে আসবে নতুন সিরিজে। সাধারণ একজন মানুষ কীভাবে ধীরে ধীরে একজন সিরিয়াল কিলারে পরিণত হয়, সেই রূপান্তরের পেছনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং অতীত ইতিহাস নিয়েই তৈরি হয়েছে গল্প।
নতুন চরিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তিনি এমন একটি সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্রটি মূল সিনেমায় ব্রাত্য বসু করেছিলেন। চরিত্রটির একাধিক স্তর রয়েছে বলেও জানান তিনি। তবে গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাননি এই অভিনেতা।
চঞ্চল চৌধুরী ছাড়াও ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ সিরিজে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে। এদিকে কলকাতায় আরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন চঞ্চল চৌধুরী। এর মধ্যে একটি ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং অন্যটি সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’। ‘শেকড়’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি দুটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
সিনেমা দুটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের দর্শকদের জন্যও অপেক্ষায় রয়েছে চঞ্চল অভিনীত নতুন সিনেমা ‘আন্ধার’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি এবারের দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। নতুন ঘোষণা অনুযায়ী আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.