দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪৯ জন। এ ছাড়া সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে আরও ১ হাজার ৭৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ২৯৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। চট্টগ্রাম বিভাগে ২৪৬ জন, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৪ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৬৭ জন শনাক্ত হয়েছেন। ঢাকা বিভাগে ৬৩ জন এবং খুলনা বিভাগে নয়জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুজন এবং সিলেটে একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। আর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
শিশুদের মধ্যে হামের উপসর্গ ও মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখার বিষয়েও সতর্ক থাকতে হবে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.