বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপদ খাদ্য উৎপাদন কার্যক্রম তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন খাদ্যপণ্য ও ওষুধের দোকান তদারকি করা হয়। এ সময় অনিয়মের দায়ে আলিফ ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন স্থানে মরিচ শুকানোর মতো অনিয়ম রয়েছে। এসব কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. লিটন মিয়াকে প্রশাসনিক ব্যবস্থায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।
নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার রক্ষা এবং খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.