দীল আফরোজা, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথমে আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আরও ১৩টি ইউনিট যুক্ত করা হয়। সব মিলিয়ে ২১টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টঙ্গী ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। আগুনের বিস্তার ঠেকাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে কাজ করেন। এ সময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন।
তবে কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিস্তারিত তথ্য সংগ্রহের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.