জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দলটির মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র পদ বিলুপ্ত করে নতুনভাবে নেতৃত্ব সাজানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির আকার কমিয়ে নিষ্ক্রিয় নেতাদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। দলীয় সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে সমকাল।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ বা ১৮ অক্টোবরের মধ্যে এনসিপির পুনর্গঠিত সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হতে পারে। তবে নতুন কমিটিতে কে কোন পদে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
প্রস্তাবিত কাঠামোয় আহ্বায়ক, দুইজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং দুইজন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবসহ ছয়জনকে মূল নেতৃত্বে রাখার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দলটির মূল নেতৃত্বে রয়েছেন ১১ জন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদও থাকছে, তবে এসব পদে নেতার সংখ্যা কমানো হতে পারে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন বহাল থাকতে পারেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহর নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। তবে এসব পদে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
এনসিপির রাজনৈতিক পর্ষদের গত রোববারের সভায় দুই দিনের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পদবণ্টন চূড়ান্ত না হওয়ায় ঘোষণা পিছিয়ে যাচ্ছে। দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, নতুন কাঠামো চূড়ান্ত করতে আরও কয়েক দিন সময় লাগবে।
এদিকে, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ২১৭ থেকে কমিয়ে ১৫১ করা হতে পারে। নিষ্ক্রিয় নেতাদের বাদ দেওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনাও রয়েছে। তবে রাজনৈতিক পর্ষদের সদস্যদের কেন্দ্রীয় কমিটিতে কোন পদে রাখা হবে, তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে।
গত ১৫ মে এনসিপির নির্বাহী কাউন্সিলের সভায় মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র পদ বিলুপ্ত করা এবং যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের সংখ্যা কমানোর সিদ্ধান্ত হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এখন পুনর্গঠিত কমিটির চূড়ান্ত পদবণ্টন ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.