অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার ২০ অক্টোবর রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব আয়োজিত সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’।
ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিস একটি নীরব রোগ। এ রোগে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। ফলে সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
তিনি জানান, ২০২৫ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত বলে ধারণা করা হয়। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে বয়স্কদের মধ্যে নারীরা উল্লেখযোগ্য হারে এ রোগে আক্রান্ত হচ্ছেন।
উত্তর-মধ্য বাংলাদেশের ৪৫ থেকে ৮০ বছর বয়সী নারীদের ওপর পরিচালিত একটি গবেষণায় অস্টিওপোরোসিসের প্রাদুর্ভাব পাওয়া গেছে ৪০ শতাংশ। একই গবেষণায় অস্টিওপেনিয়ার হার ছিল ৪৩ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ অংশগ্রহণকারী ৮৩ শতাংশের বেশি নারীর হাড়ের ঘনত্বে ঘাটতি ছিল।
ডা. জুবাইদা রহমান বলেন, রোগটির প্রকৃত চিত্র নিরূপণে আরও গবেষণা ও নিয়মিত স্ক্রিনিং প্রয়োজন। কন্যাশিশু ও তরুণীদের জন্য উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া গেলে ভবিষ্যতে এ রোগের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
অস্টিওপোরোসিস প্রতিরোধে একটি সোসাইটি গঠন করে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি প্রতিবছর অস্টিওপোরোসিস সচেতনতা মাস পালন, চিকিৎসকদের প্রশিক্ষণ, স্ক্রিনিং ক্যাম্প আয়োজন এবং কমিউনিটি পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে দেশজুড়ে সচেতনতা বাড়ানো সম্ভব। যেসব এলাকায় হাড়ের খনিজ ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা নেই, সেখানে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে হাড় ভাঙার ঝুঁকি মূল্যায়ন করা যেতে পারে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ডা. আব্দুস সালাম এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সেমিনারে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও কুইজ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, হাড়ের ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত হয়।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.