বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার থানা পাড়া ও ভাংবাড়ীয়া গ্রামে একাধিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি ভাতার টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হওয়ার দুই ঘণ্টার মধ্যেই তাঁদের অনেকের অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে ৩ হাজার ১৮ টাকা করে হারিয়ে গেছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন থানা পাড়ার সাহানাজ (৫৪), ভাংবাড়ীয়া গ্রামের চেয়ারন নেছা (৭০), আব্বাস আলী (৫০) ও কমেলা খাতুন (৪০)। এ ঘটনায় হ্যাকার চক্রের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ দেখা দিলেও কীভাবে টাকা সরানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী কমেলা খাতুন জানান, সরকারি ভাতার এই অর্থ তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন। টাকা হারিয়ে তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।
এদিকে, সতর্কতা হিসেবে স্থানীয় বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়েছে। বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর গোপন রাখা এবং অপরিচিত কাউকে তা না জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, টাকা স্থানান্তরের তথ্য যাচাই, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হারানো অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.