মোঃ হুমায়ুন কবির, জীবননগর, চুয়াডাঙ্গা ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন (৬৪) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
কারাগারের জেলার শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন আনোয়ার। গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে অবস্থার অবনতি হলে রাত ১১টা ৫ মিনিটে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুসনদে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্যন্ত্রের সমস্যার কথা উল্লেখ রয়েছে। তিনি ডায়াবেটিস, হাঁপানি ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বিএনপির প্রবীণ নেতা ছিলেন।
মারামারির মামলায় দণ্ডবিধির ৩২৪ ধারায় তাঁর দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের কারাদণ্ডের বিধান ছিল। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.