কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বোতল অবৈধ উইনসেরেক্স সিরাপ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে দর্শনা থানাধীন রাঙ্গিয়ারপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দর্শনা থানার এসআই (নিরস্ত্র) সাইফুল মোল্লাসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানের একপর্যায়ে রাঙ্গিয়ারপোতা গ্রামের নুহুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫ বোতল অবৈধ উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নুহু (৪৫), পিতা মৃত আবু বকর সিদ্দিক এবং আতাউর রহমান (১৯), পিতা তোতা মিয়া—উভয়ের বাড়ি রাঙ্গিয়ারপোতা গ্রাম, থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা—কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, বিক্রি ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.