দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানে অভিবাসীবিরোধী বিক্ষোভের মধ্যে জনতার পিটুনিতে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ জনের একটি দল ওই ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার ২২ অক্টোবর আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ডারবানের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার একটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এ সময় প্রায় ৫০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। নিহত ব্যক্তির জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ। তাঁর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
দক্ষিণ আফ্রিকায় কয়েক মাস ধরে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ ও উত্তেজনা চলছে। ডারবান এসব বিক্ষোভের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে শহরটিতে অভিবাসীবিরোধী মিছিলের পর লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটে।
গত জুন থেকে অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এসব কর্মসূচির কিছু অংশ পরে সহিংসতায় রূপ নেয়।
নাইজেরিয়া, মোজাম্বিক ও মালাউইসহ কয়েকটি দেশ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিদ্বেষী হামলায় তাদের কিছু নাগরিক নিহত হয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ কিছু ঘটনার ক্ষেত্রে মৃত্যুর সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে কয়েকটি দাবির বিষয়ে আপত্তি জানিয়েছে।
সহিংসতা এড়াতে সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার অভিবাসী দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেক বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকায় কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় প্রতিবেশী দেশগুলো থেকে বহু মানুষ পাড়ি জমান। তবে দেশটির বিভিন্ন জনগোষ্ঠীর অভিযোগ, কর্মসংস্থানের সুযোগ সীমিত এবং সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অভিবাসীবিরোধী সহিংসতার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে অনথিভুক্ত অভিবাসীরা দেশটিতে প্রবেশ ও অবস্থান করতে পারছেন বলেও স্বীকার করেছেন তিনি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ২৪ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন। ডারবানে সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.