রাজধানীর জুরাইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি ছাড়া অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার উদ্দেশ্যে সড়ক খননের সময় দুই শ্রমিককে আটক করা হয়েছে। এ সময় খননকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
মঙ্গলবার ২৭ অক্টোবর রাজধানীর জুরাইনের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে এ ঘটনা ঘটে। সড়কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর ৫২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, মুরাদপুরের শরীফ মঞ্জিলের ৩০৭ নম্বর হোল্ডিংয়ের জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার জন্য সড়কটি খনন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালান সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় খননকাজে জড়িত দুই শ্রমিককে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে সড়ক খননে ব্যবহৃত দুটি হ্যামার ড্রিল, বৈদ্যুতিক তার এবং দুটি কর্নি জব্দ করা হয়। পরে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় আটক দুই শ্রমিককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং সরকারি সম্পত্তির ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমতি ছাড়া সড়ক খনন সরকারি অবকাঠামোর ক্ষতির ঝুঁকি তৈরি করে। তাই অবৈধ খনন ও সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.