মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুরে কালভার্ট নির্মাণকাজে ব্যবহৃত ভেকুর ব্যাটারি চুরির চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে টিটু শিকদার (৩৬) নামে এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাফি ওরফে রিজন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দিনাজপুর জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে গত ২২ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে দিনাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ জামে মসজিদের পূর্ব পাশে একটি কালভার্ট নির্মাণস্থলে এ ঘটনা ঘটে। নিহত টিটু শিকদার দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত সিদ্দিক শিকদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ওই এলাকায় কালভার্ট নির্মাণকাজ চলছিল। নির্মাণসামগ্রী ও মাটি খননের কাজে ব্যবহৃত ভেকু পাহারার দায়িত্বে ছিলেন টিটু শিকদার। রাতের খাবার খেতে তাঁর বড় ভাই বিপ্লব শিকদার বাড়িতে গেলে টিটু সেখানে দায়িত্ব পালন করছিলেন।
এজাহারের অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে রাফি ওরফে রিজন মোল্লাসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন ভেকুর ব্যাটারি চুরির চেষ্টা করেন। এ সময় টিটু তাঁদের দেখতে পেয়ে এগিয়ে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টা ৭ মিনিটে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের বড় ভাই বিপ্লব শিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২২ অক্টোবর দায়ের করা হয়। এতে রাফি ওরফে রিজন মোল্লাসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সমন্বয়ে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিমের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় দিনাজপুর পৌরসভার রেলব্রিজ এলাকার একটি গলি থেকে মামলার এজাহারনামীয় আসামি রাফি ওরফে রিজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের ব্যবস্থা এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.