ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো বা এলঅ্যান্ডটি। চুক্তির মূল্য বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি।
মঙ্গলবার ২৭ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এলঅ্যান্ডটির পরিবহন ব্যবসা বিভাগ এই চুক্তি পেয়েছে। পাঁচ হাজার কোটি রুপির বেশি মূল্যের এ চুক্তিকে বড় চুক্তি হিসেবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান সুমিটমো কর্পোরেশনের সঙ্গে যৌথ অংশীদারিতে কাজ করবে এলঅ্যান্ডটির ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগ।
চুক্তির আওতায় রেলপথ নির্মাণের পাশাপাশি বৈদ্যুতিক ব্যবস্থা, সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করা হবে। এসব ব্যবস্থা মেট্রোরেলের পরিচালনা ও যাত্রীসেবার গুরুত্বপূর্ণ অংশ। এর আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেল করিডর ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজ পেয়েছিল এলঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটি ওই প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে লাইন-৬ বাণিজ্যিকভাবে চালু রয়েছে।
এলঅ্যান্ডটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছ থেকে পুনরায় কাজের আদেশ পাওয়া বৃহৎ ও সমন্বিত নগর গণপরিবহন প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সক্ষমতার প্রমাণ। সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মেট্রোরেল প্রকল্পের কাজও পেয়েছে এলঅ্যান্ডটি। সেই প্রকল্পের বাস্তবায়নকাজ বর্তমানে চলমান।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার অর্থায়নে ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পটি প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ। প্রকল্পের আওতায় কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এয়ারপোর্ট রুট এবং নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে থাকবে ১৯টি স্টেশন এবং পিতালগঞ্জে একটি ডিপো। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোগ তৈরি হবে এবং যাতায়াতের ক্ষেত্রে মেট্রোরেলের পরিধি আরও বিস্তৃত হবে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.