রাজধানীর লেকগুলো দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ—রাজউক। সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজউকের আওতাধীন এলাকার লেক দূষণমুক্ত করা এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠিত কারিগরি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম এবং রাজউকের সদস্য এরাদুল হক উপস্থিত ছিলেন।
সভায় রাজধানীর লেকগুলোর দূষণের উৎস চিহ্নিত করা, পানির গুণগত মান উন্নয়ন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা এবং লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ পাওয়া এক হাজার ২৬৯টি ভবনের তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে।
এ ছাড়া সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের কাঠামোগত নকশা রাজউক থেকে অনুমোদন নিতে হবে। এ-সংক্রান্ত আবেদন পাওয়ার তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, যেসব ভবনের অনুমোদিত নকশায় সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের ব্যবস্থা রয়েছে, সেসব ভবনের মালিকদের আগামী ১৫ নভেম্বর ২০২৬ সালের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। অন্যথায়, ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কে এম মোহাম্মদ হুমায়ুন কবীর এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর লেকগুলোর দূষণ নিয়ন্ত্রণ, পানির মান উন্নয়ন এবং পরিবেশসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.