ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে খুলনায় পপির গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় স্ট্রোক করলে তাকে দ্রুত মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে মায়ের মৃত্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি চিত্রনায়িকা পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।
মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন পপি। লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর পরিচিতি পান তিনি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। চিত্রনায়িকা পপির মায়ের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক মন্ডলী
সম্পাদক ও প্রকাশক : মোঃ ইউসুফ আলী
হেড অব নিউজ ( মাল্টিমিডিয়া ) : রুবেল আহাম্মেদ নান্নু
Copyright © 2026 আমাদের পত্রিকা. All rights reserved.