
মূলধনভিত্তি শক্তিশালী করতে বেসরকারি খাতের দুই ব্যাংককে মোট ১ হাজার ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন—বিএসইসি। এর মধ্যে ব্যাংক এশিয়া পিএলসিকে ৮০০ কোটি টাকা এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিকে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএসইসির ১ হাজার ৩৩তম কমিশন সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। ব্যাংক এশিয়া পাঁচ বছর মেয়াদি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এটি হবে জামানতবিহীন, রূপান্তর-অযোগ্য, পূর্ণ পুনঃপরিশোধযোগ্য এবং পরিবর্তনশীল সুদহারভিত্তিক টেকসই বন্ড।
বন্ডটির কুপন বা সুদের হার নির্ধারণ করা হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। এ বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
অন্যদিকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ইস্যু করবে ৫০০ কোটি টাকার ‘এআইবিপিএলসি ফিফথ সাবঅর্ডিনেটেড বন্ড’। এ বন্ডের মেয়াদ হবে সাত বছর। এটিও হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেটভিত্তিক।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।
বিএসইসি জানিয়েছে, দুই বন্ড থেকেই সংগৃহীত অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের বাসেল-৩ কাঠামোর অধীনে টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ডের ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

