
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অভিযানের সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ সময় একটি খননযন্ত্র বা ভেকু এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-১০ এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে রয়েছে।

