
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দৌলতপুর থানাধীন খলিশাকুন্ডিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার ‘খ’ সার্কেলের একটি দল।
অভিযানে ইয়াবা ট্যাবলেট ২০ পিস এবং গাঁজা ১০০ গ্রাম জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার খলিশাকুন্ড গ্রামের মৃত আব্দুল বাসিদের ছেলে মোশারফ হোসেন বয়স ৫০ বছর। একই এলাকার আজিরুদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম বয়স ৫২ বছর এবং শেরপুর গ্রামের মৃত সামাদ মালিথার ছেলে মো. পাঞ্জু বয়স ৪৭ বছর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহম্মেদ ও উপরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দৌলতপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
এর মধ্যে মোশারফ হোসেনকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মো. জিনারুল ইসলামকেও এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মো. পাঞ্জুকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের সাজা দেওয়ার পর তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

