
ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান প্রাঙ্গণে সনাতন ধর্মীয় রীতি-নীতি ও হোমযজ্ঞের মধ্য দিয়ে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দত্তক গ্রহণ অনুষ্ঠান ও দলিল সম্পাদন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩:০০ ঘটিকায় শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানের শ্রীঅঙ্গনে পুরোহিতদের উপস্থিতি ও প্রত্যক্ষ পরিচালনায় ধর্মীয় বিধান মেনে এ ‘দত্তকনামা’র আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বর্ধনগাছা গ্রামের সন্তান ও মহিষাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) নিংসন্তান শ্রী শশাঙ্ক জ্যোতি তরফদার (পিতা: স্বর্গীয় শশী ভূষণ তরফদার) ধর্মীয় শাস্ত্রীয় বিধান অনুযায়ী শাহজাদপুর উপজেলার মনিরামপুর গ্রামের সন্তান রাম প্রসাদ সরকার-কে (পিতা: নারায়ন চন্দ্র সরকার) নিজ দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছেন।
হিন্দু শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী পুত্রহীন ব্যক্তির পরলৌকিক মুক্তি, অন্ন, শ্রাদ্ধ ও অন্যান্য ধর্মীয় ক্রিয়াদি সুসম্পন্ন করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলিলে উল্লেখ করা হয়। এছাড়া অদ্য হতে দত্তক পুত্র তাঁর যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ব্যাংকে গচ্ছিত অর্থের মালিক হবেন এবং শ্মশান প্রাঙ্গণে তাঁর ইচ্ছায় একটি বাবা ভোলানাথের মন্দির নির্মাণ ও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হবে বলেও দত্তকনামায় উল্লেখ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান পুরোহিত শ্রী লোনিলি চক্রবর্তী ও সহযোগী পুরোহিতদের যৌথ পৌরোহিত্যে হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী বাবু রতন বসাক, সাধারণ সম্পাদক শ্রী রাজ কুমার নন্দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, বিশিষ্ট ব্যবসায়ী জনার্দন বসাক, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার তপন বসাক, অসীম কুমার ভট্টাচার্যসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উভয় পক্ষ, উপস্থিত পুরোহিত ও প্রধান সাক্ষীদের সম্মতিক্রমে স্বাক্ষরের মাধ্যমে দত্তকনামার আইনি ও ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা সুসম্পন্ন হয়।

