
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মা-মেয়েসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন পাইকারি কাপড়ের মার্কেটের পেছনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আলমডাঙ্গা স্টেশনপাড়ার বাসিন্দা মোছা. মিনি বেগম (৫৮), স্বামী মো. আলাউদ্দিন এবং মোছা. মায়া খাতুন (৩৮), পিতা মো. আলাউদ্দিন, মাতা মোছা. মিনি খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল হাসানের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) আমিনুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালান।
অভিযানকালে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিসহ আরও তিনজন এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২০(ক)/৪০/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি আলমডাঙ্গা থানার মামলা নং-০২, তারিখ ২ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

