
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে পুলিশ সদস্যদের কিটসামগ্রী পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। পরিদর্শন শেষে কিটসামগ্রীর সার্বিক অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রাপ্যতার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার কিটসামগ্রীসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।
পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্যসচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং সাধারণ মানুষের সঙ্গে সদাচরণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

