
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় রোড-শো, লিফলেট ও গাছের চারা বিতরণ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চুয়াডাঙ্গার আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
কর্মসূচির মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পেশাদার গাড়িচালকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
অন্যদিকে, মাদকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও সম্মিলিত দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

