
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি। দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে তারা অপেক্ষা করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে।
বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার। গাড়িবহর এগিয়ে আসতেই স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান তারা। বিভিন্ন স্থানে ফুলের মালা ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানান নেতাকর্মীরা।
সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়িবহরকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের পাশে উৎসুক মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় নারায়ণগঞ্জের বিএনপির সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে অভ্যর্থনায় অংশ নেন।
গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন অংশে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে ও পুষ্পবৃষ্টি করে শুভেচ্ছা জানান। স্লোগান, দলীয় পতাকা আর ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে সাইনবোর্ড থেকে মেঘনা ঘাট পর্যন্ত দীর্ঘ সড়কপথ।
প্রসঙ্গত, এক দিনের সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সরকারপ্রধানের গাড়িবহর সড়কপথে যাত্রা শুরু করে।

