
বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আলমডাঙ্গা–হাটবোয়ালিয়া প্রধান সড়কে কোনো গতিরোধক নেই। ফলে দ্রুতগতির যানবাহনের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, তাঁদের স্বজন ও সাধারণ পথচারীদের। দুর্ঘটনার আশঙ্কা কমাতে হাসপাতালের প্রবেশপথের আগে-পরে দুটি গতিরোধক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রতিদিন এ হাসপাতালে শিশু, বয়স্ক ব্যক্তি, নারী ও গুরুতর অসুস্থ রোগীসহ আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় তাঁদের নিরাপদে চলাচল ও সড়ক পারাপারে ঝুঁকি তৈরি হচ্ছে।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, “হাসপাতালের সামনে প্রতিদিন অসংখ্য রোগী ও তাঁদের স্বজন যাতায়াত করেন। অথচ সড়কে গতিরোধক না থাকায় তাঁরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের প্রবেশপথের আগে-পরে দ্রুত দুটি গতিরোধক নির্মাণের দাবি জানাচ্ছি।”
সচেতন মহলের দাবি, শুধু গতিরোধক নির্মাণই নয়, হাসপাতাল এলাকা নির্দেশক সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও যানবাহনের গতি নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জনগণের দাবি—দুর্ঘটনার জন্য অপেক্ষা নয়, রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তায় দ্রুত দুটি গতিরোধক নির্মাণ করা হোক।

