
মো: হুমায়ুন কবির, জীবননগর, চুয়াডাঙ্গা ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের কয়েকদিন পর চান্দআলী(৫৫) এক ভ্যান চালকের অর্ধগলিত মস্তাবিহীন মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ।
চান্দআলী উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে। তার কাছে থাকা ভ্যান গাড়ীর সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠের মধ্যে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।পরে জীবননগর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যানগাড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে মনে করেছেন স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন পূর্বে ভ্যান গাড়ী নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি চান্দআলী। সে জীবননগরের আশেপাশে ভ্যান গাড়িতে যাত্রী বহন করে নিয়ে বেড়ায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। আজ সকালে শাহাপুর গ্রামের মাঠের মধ্যে একটি মরদেহ উদ্ধারের ঘটনা শুনে সেখানে গিয়ে তার মরদেহটি সনাক্ত করতে পারে পরিবারের লোকজন।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, আন্দুলবাড়িয়া থেকে এক ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাদেরকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করি। এবিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

