
সামসু উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের কাতারপ্রবাসী নিহত লিপন মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতি বদরুল ইসলাম। তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে লিপনের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, গত জুন মাসে কাতারে বৈদ্যুতিক শর্টসার্কিটের দুর্ঘটনায় লিপন মিয়া নিহত হন। দুর্ঘটনার পর জালালাবাদ অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এবার সংগঠনটির সহ-সভাপতি বদরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে নিহতের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতি জুবের খান, বড়লেখা শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, সদস্য রফিকুল ইসলাম মামুন, সামসু উদ্দিন বাবু, রুবেল বখস পাবেল, কামরুজ্জামান জুয়েল ও মো. আলী শোভন।
নিহত লিপন মিয়ার পরিবারের পক্ষে এ অর্থ গ্রহণ করেন তাঁর স্ত্রী আছিয়া বেগম, দুই মেয়ে, চাচা ওয়াজিদ আলী ও চাচাতো ভাই শাকিল আহমদ।
এ সহায়তা নিহত লিপন মিয়ার পরিবারের জন্য কিছুটা হলেও সহযোগিতা হিসেবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

