
ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, সংস্থাটির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির মূল দায়িত্ব হবে ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্ঘাটন করা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে মতামত ও সুপারিশ দেবে কমিটি।
নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ চিহ্নিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সুপারিশ উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

