
মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আগামী ১৫ দিনের মধ্যে মাঠটি উন্মুক্ত করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বড় মাঠ রক্ষা কমিটি।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় মাঠটি বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ঐতিহাসিক এ মাঠে জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্ট, খেলাধুলা ও বড় ধরনের জনসমাবেশ অনুষ্ঠিত হয়। তাই মাঠটি অবিলম্বে সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা প্রয়োজন।
বড় মাঠ রক্ষা কমিটির কার্যকরী সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু ও আখতারুজ্জামান জুয়েল, অধ্যাপক আব্দুল জলিল, রেজাউর রহমান রিজু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, মেহেরুল্লাহ বাদল ও চিকিৎসক শহীদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব রেহাতুল ইসলাম খোকা।
বক্তারা আরও বলেন, দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ক্রীড়াঙ্গন ও জনসমাগমস্থল। এ মাঠের অবাধ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পৌরসভার রেললাইন অবরোধ করেন। আগামী ১৫ দিনের মধ্যে মাঠটি উন্মুক্ত করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তাঁরা।

