
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অসহায়, দুস্থ ও গৃহহীন পরিবারের আর্থিক সংকট মোকাবিলা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মেজবাহুর রহমান।
এ উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের আর্থিক সংকট লাঘবে সহায়তা করা হচ্ছে। এ ধরনের সামাজিক সহায়তা কার্যক্রম অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

