
নাজমুল হক, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রায় সাত ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এসেনশিয়াল অ্যাপারেলসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে মৌচাক আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছড়িয়ে পড়ে। মৌচাক থেকে সফিপুর পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকেরা এতে যোগ দেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হলে আন্দোলন চন্দ্রা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
অবরোধের কারণে মহাসড়কের দীর্ঘ এলাকায় যানবাহন আটকা পড়ে। পুলিশ একাধিকবার শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও তাঁরা অবরোধ প্রত্যাহার করেননি। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি কারখানার ফটক ও যানবাহন ভাঙচুর করেন।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার শিবলি সাদিক বলেন, বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। তাঁদের একাধিকবার সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা অবরোধ প্রত্যাহার করেননি। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সকাল থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

