
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
নিরাপদ ও সুপেয় পানির সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাঁচটি নবস্থাপিত টিউবওয়েল উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
মঙ্গলবার এসব টিউবওয়েল উদ্বোধন করা হয়। এর মধ্যে খাড়াগোদা গ্রামে দুটি, গড়াইটুপি গ্রামে দুটি এবং গোবরগাড়া গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। পাঁচটি টিউবওয়েলের মধ্যে একটি স্থাপন করা হয়েছে একটি হিন্দু পরিবারের জন্য। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY)-এর বাংলাদেশ প্রকল্পের আওতায় এসব টিউবওয়েল স্থাপন করা হয়।
গ্রামীণ জনপদে সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার করেছে। বিশেষ করে যেসব পরিবারকে নিরাপদ পানির জন্য দূর থেকে পানি সংগ্রহ করতে হতো, তাদের দৈনন্দিন দুর্ভোগ কমাতে টিউবওয়েলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনকালে সংসদ সদস্য মো. রুহুল আমিন নিরাপদ পানির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুপেয় পানি মানুষের মৌলিক চাহিদার অন্যতম। সুস্থ জীবনযাপন ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানির বিকল্প নেই। তাই গ্রামীণ এলাকার মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, জামায়াত নেতা ইউনুস, মান্নান, সিরাজুল ইসলাম, জালালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নতুন টিউবওয়েলগুলো চালু হওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোর পাশাপাশি এলাকার মানুষও সহজে সুপেয় পানি সংগ্রহের সুযোগ পাবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি হিন্দু পরিবারের জন্যও টিউবওয়েল স্থাপনের বিষয়টি সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে গড়াইটুপি ইউনিয়নের মানুষের নিরাপদ পানিপ্রাপ্তি আরও সহজ হবে এবং গ্রামীণ জনপদে সুপেয় পানির সুবিধা সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

