
নাজমুল হক, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা বাস্তবায়নের দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার পর গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় আবারও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এদিকে, মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
পরে সন্ধ্যায় পুলিশ আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিকেল থেকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

