
আলী আকবর, চুয়াডাঙ্গা, দর্শনা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ ধান্যঘরা গ্রামের মৃত রওশন আলী শাহের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন নজরুল ইসলাম। এ সময় হঠাৎ তাঁর গলায় ভাত আটকে যায়। এতে তিনি শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করেন এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, সকালে তাঁর বাবা স্বাভাবিকভাবেই ভাত খাচ্ছিলেন। হঠাৎ গলায় ভাত আটকে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বাভাবিকভাবে খাবার খেতে গিয়ে এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

