
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস), ঢাকা আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষার কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। তবে শুধু ভালো ফলাফল কিংবা সনদ অর্জনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এমন একটি প্রজন্ম চাই, যারা মেধা, মনন ও যোগ্যতার পাশাপাশি নৈতিক আদর্শে সমৃদ্ধ হবে এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. নুর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী মাস্টার, সাধারণ সম্পাদক মো. মামুন রেজাসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপস্থিত অতিথিরা এ ধরনের শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ইসলামিক এডুকেশন সোসাইটি, ঢাকা আয়োজিত আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর মূল প্রতিপাদ্য ছিল—‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্ম’।

