কালীগঞ্জে মোটরসাইকেল ওভারটেকের ঘটনায় দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ১০:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না দুই কিশোরের। কালীগঞ্জের ঢাকা বাইপাস সড়কে ট্রাককে ওভারটেক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রের। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মঞ্জুর আকন্দের ছেলে নৌশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশারফের ছেলে মো. মিহাদ (১৬)। তারা দু’জনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী। নৌশির চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ ছিল দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি চালাচ্ছিল জিন্দা পার্ক এলাকার মৃত কালামের ছেলে আজিজুল (১৭)। সম্প্রতি পরিবারের ওপর চাপ সৃষ্টি করে গরু বিক্রি করিয়ে টিভিএস কোম্পানির ‘অ্যাপাচি ৪ভি’ মডেলের একটি মোটরসাইকেল কেনে সে। মঙ্গলবার বিকেলে ওই মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বের হয়। ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে উলুখোলার দিকে যাওয়ার সময় নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে মোটরসাইকেলটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পেছনে বসা নৌশির ও মিহাদ সড়কে ছিটকে পড়ে। ঠিক তখনই পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তবে মোটরসাইকেল চালক আজিজুল অক্ষত রয়েছে বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা বেপরোয়া মোটরসাইকেল চালানো ও সড়কে অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।






















