আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১
- আপডেট সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার তিয়রবিলা পুলিশ ক্যাম্পের অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার তালুককররা গ্রামের মোঃ উজ্জল হোসেন (৩০)-কে গ্রেফতার করেন। তিনি ওই গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
অভিযান চলাকালে তার বসতবাড়ির পেছন দিক থেকে তল্লাশি চালিয়ে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১১, তারিখ ০৫ মার্চ ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৯(ক) ধারা অনুযায়ী রুজু করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

























