সিরাজগঞ্জে অটোভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডে অটোভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে ভূইয়াগাঁতী বাসট্যান্ডে শত শত নারী পুরুষের উপস্থিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লিফলেট হাতে দাঁড়িয়ে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলী আকন্দ , অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা হেলাল উদ্দিন, ঘুড়কা ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন শেখ।
এ সময় বক্তারা জাহের আকন্দের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি দেয়া হবে বলে কঠোর হুঁশিয়ার দেন। এর আগে গত ২০ এপ্রিল রাতে রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে নিহত জাহের আলী তার অটোভ্যান নিয়ে ভাড়া মারতে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে ঘুড়কা ইউনিয়ন কালিকাপুর ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলীর রক্তাক্ত লাশ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। নিশংস হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।






















