কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সভাপতি মো. জাহিদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু) এবং মহিপুর থানা ফারিয়ার সাধারণ সম্পাদক মো. লোকমান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গার-আমে-মিষ্টি/
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে নানা ধরনের অবহেলা ও হয়রানির শিকার হচ্ছেন। তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এসময় বক্তারা গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে “দালাল” আখ্যা দিয়ে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত না করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ পেশাজীবীদের সম্মান ক্ষুণ্ন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/ফেনীতে-মা-দিবসে-মাদকাসক্/
মানববন্ধনে কলাপাড়া ও মহিপুর এলাকার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এসময় তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং পেশার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।





















