কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ৬ যুবকের কারাদণ্ড
- আপডেট সময় : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ছয় যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের এবং অপর পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার হিজলতলী গ্রামের লাল খানের ছেলে আব্দুর রহিম (৫০), মিয়া খানের ছেলে আলী আকবর (৪৫), আব্দুর সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), কাঞ্চনপুর গ্রামের লতিফের ছেলে সাইমন (৩৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুড়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে শাহীন আলম (৪০)।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/কুলাউড়ার-পাবলিক-লাইব্রে/
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার টান সূত্রাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনের সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশের মাধ্যমে রোববার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/সমৃদ্ধির-পথে-একসাথে-চলার/
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক সেবনের দায়ে ছয়জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।





















