শ্রম আইনে ‘জেন্ডার’ শব্দ বাতিলের দাবি ৩৩০ বিশিষ্টজনের
- আপডেট সময় : ১০:২৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশের শ্রম আইনে ‘জেন্ডার’, ‘জেন্ডার পরিচয়’ ও ‘জেন্ডার অভিব্যক্তি’সহ কয়েকটি পরিভাষা যুক্ত করার বিরোধিতা করে তা বাতিল বা সংশোধনের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এ এসব শব্দ কোনো সুস্পষ্ট সংজ্ঞা ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে বিভ্রান্তি ও বিতর্ক তৈরি করতে পারে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/ভিটামিন-কে-ইনজেকশন-না-দেও/
মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাত স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, শ্রম আইন হওয়া উচিত শ্রমিকের অধিকার, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার বাস্তবভিত্তিক আইন। সেখানে অস্পষ্ট ও বিতর্কিত মতাদর্শিক পরিভাষা সমাজে বিভাজন ও মূল্যবোধগত সংঘাত সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/রাজনৈতিক-পরিচয়-নয়-অপরা/
বিবৃতিতে বলা হয়, ‘জেন্ডার’, ‘জেন্ডার পরিচয়’ ও ‘জেন্ডার অভিব্যক্তি’ শব্দগুলোর কোনো স্পষ্ট আইনি সংজ্ঞা না থাকায় ভবিষ্যতে এসবের ভিন্ন ব্যাখ্যা ও প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে। স্বাক্ষরকারীরা দাবি করেন, এর ফলে নারীদের জন্য নির্ধারিত স্থান বা সুবিধা ব্যবহারে অপব্যবহারের আশঙ্কা তৈরি হতে পারে, যা নারীর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ।
তারা আরও বলেন, দেশের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য বিবেচনায় নিয়েই আইন প্রণয়ন করা উচিত। একইসঙ্গে শ্রম আইনে ‘লিঙ্গ’ ও ‘জেন্ডার’ শব্দের সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ এবং বিতর্কিত পরিভাষা অপসারণ বা সংশোধনের দাবি জানান তারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/চিন্ময়-কৃষ্ণ-দাসকে-জামি/
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও পেশাজীবীরা।

























