
নাজমুল হক,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে মাদ্রাসার নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড, অনুদানের অর্থ আত্মসাৎ এবং পরিবারের সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী। রোববার দুপুরে রায়েরচালা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল আলীমের কথিত উচ্ছৃঙ্খল আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে আপন বোন সালমা আক্তার, বোনজামাই মুমিন এবং বড় ভাই আলী আজগরের স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, বাগানবাড়ি এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। সম্প্রতি ওই মাদ্রাসায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে গর্ভবতী ছাগলের বাচ্চা ফেলে দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা।
এ ছাড়া মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও করেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীম রুহির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি অনৈতিক বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
পরে মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সালমা আক্তার, লিপি আক্তার, নূর মোহাম্মদ, বাবুল হোসেন, তাজর উদ্দিন, লিটন মিয়া, আনিছ মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন।

