
রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর।
রোববার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, বৃদ্ধ থেকে শিশু এবং নারী-পুরুষসহ সব রাজনৈতিক দলের মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান কেন তাকে মামলা দায়ের না করার বিষয়টি বলা হচ্ছে।
আরও পড়ুন,
- বিশ্ব পর্যটন দিবসে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালমানের দাবি, হামলার রাতেই তিনি থানায় গিয়ে মামলা করার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মামলা হয়নি বলে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভিডিও বার্তায় বিএনপির প্রসঙ্গ এবং চাঁদাবাজির অভিযোগ নিয়েও কথা বলেন সালমান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক কোনো পক্ষের সঙ্গে যুক্ত হতে চান না। তার মূল প্রত্যাশা নিরাপত্তা ও কার্যকর পদক্ষেপ।
সালমান মুক্তাদির আরও বলেন, তিনি তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাননি বরং অ্যাকশনের জন্য এসেছেন। নিজের স্টুডিও পুনর্নির্মাণ বা আর্থিক সহায়তাও তিনি চান না বলে জানান। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তিনি রাজনৈতিকভাবে বিষয়টিকে ব্যবহার করতে চান না বলেও উল্লেখ করেন।
অন্যদিকে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা চাঁদাবাজির কারণে হয়েছে—এমন অভিযোগকে তিনি ঢালাও অভিযোগ হিসেবে দেখছেন। তার ভাষ্য অনুযায়ী রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ এবং দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করেই ভাঙচুর হয়েছে।
আরও পড়ুন,
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের পরও হরমুজ নিয়ে পরিকল্পনায় অনড় ইরান
- চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার প্রাথমিক তদন্ত হয়েছে এবং পুরো বিষয়টি জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এদিকে ঢাকা মহানগর পুলিশও প্রাথমিকভাবে জানিয়েছে, হামলার পেছনে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে চাঁদা দাবি করা হয়েছিল কি না তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রোপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই এলাকায় আরও কিছু স্থাপনায় হামলা ও ভাঙচুরের খবরও পাওয়া যায়। ঘটনাটি নিয়ে সালমান মুক্তাদিরের অভিযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তের তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে হামলার প্রকৃত কারণ এবং এতে জড়িতদের ভূমিকা বিস্তারিত তদন্তের পরই স্পষ্ট হবে।

