
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকদ্রব্য ও সিরাপের সিজার মূল্য ১ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।
বুধবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন এনায়েতপুর, ফকিরগঞ্জ ও বাশালগাঁও বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর সীমান্তবর্তী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য ও সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

