
আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
যুব সমাজের ইতিবাচক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে নীলফামারীতে “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও যুব সংগঠনগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী দেশের ১৫টি যুব সংগঠনকে ‘ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান এবং ৪৩২টি সংগঠনকে আর্থিক অনুদান হস্তান্তর করেন। ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের ৬৪টি জেলা প্রশাসক একযোগে এ ভার্চুয়াল আয়োজনে অংশ নেন।
এরই ধারাবাহিকতায় নীলফামারী জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুদান হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সফল যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রগতি যুব উন্নয়ন মহিলা সমিতি, যুব ফাউন্ডেশন, দীপ্তমান যুব উন্নয়ন সংস্থা এবং স্বপ্নপল্লী যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক মো: হুমায়ূন কবির।
জেলা প্রশাসক মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, সহকারী পরিচালক হাসান আলী, ডেপুটি কো-অর্ডিনেটর লতিফুল বারী, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহায়েল পারভেজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নীলফামারী জেলার সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল করা এবং সমাজসেবামূলক কাজে তাদের আরও উৎসাহিত করতেই সরকার ও যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিবছর এ ধরনের পুরস্কার ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এ ধরনের উদ্যোগ যুব সংগঠনগুলোকে সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

